আবারও ফিরছে ফ্ল্যাপি বার্ড গেম

১৭ সেপ্টেম্বর, ২০২৪ ২১:৫৭  

২০১৩ সালে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে ‘ফ্ল্যাপি বার্ড’ গেমটি খেলেননি বা নাম শোনেনটি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিনই বটে। সেই সময়ে স্মার্টফোন ব্যবহারকারীদেরকে এই গেমটি আসক্ত করে তুলেছিলো। কিন্তু উন্মুক্ত করার এক বছর পরেই গেমটি অ্যাপ স্টোর ও প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা হয়। অবশেষে ফের গেমটি মোবাইলে আসতে চলেছে। খবর ইউএস টুডে।

খবরে বলা হয়, আবারও ফ্ল্যাপি বার্ড খেলার সুযোগ দিতে উদ্যোগ নিয়েছেন গেমটির কিছু ভক্ত। এজন্য গঠন করা হয়েছে ফ্ল্যাপি বার্ড ফাউন্ডেশন। এরই মধ্যে গেমটেক হোল্ডিংস থেকে ফ্ল্যাপি বার্ডের স্বত্ব অধিগ্রহণও করেছে ফাউন্ডেশনটি।

https://www.youtube.com/watch?v=W6NsrkrK3MQ

২০১৪ সালে ফ্ল্যাপি বার্ড গেমের নির্মাতা ডং নগুয়েন বলেছিলেন, ‘ব্যবহারকারীদের কয়েক মিনিট বিশ্রাম দিতে নকশা করা হয়েছিল ফ্ল্যাপি বার্ড গেম। কিন্তু ধীরে ধীরে গেমটিতে আসক্ত হয়ে ওঠেন অনেকে। আমি মনে করি, এটি একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সমস্যা সমাধানের জন্য গেমটি সরিয়ে ফেলা ভালো। চিরতরে সরিয়ে ফেলা হচ্ছে।’ গেমটির স্বত্বও গেমটেক হোল্ডিংসের হাতে ছেড়ে দেন।

জানা গেছে, নতুন চরিত্র ও গেম মোড নিয়ে আসবে গেমটির নতুন সংস্করণ। আগামী বছরের মধ্যেই গেমটি অ্যাপ স্টোর ও গুগল প্লেতে উন্মুক্ত করা হবে। এরই মধ্যে গেমটির ট্রেলার প্রকাশিত হয়েছে।

ডিবিটেক/বিএমটি